দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, বিক্ষোভকারীদের কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি; নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের পাবলিক লাইব্রেরির মাঠের মধ্যে অবস্থান করতে বলা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির মাঠ থেকে এনসিপি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ তাদের আটকে দেয় বলে দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন। এ সময় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটে। এতে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলটি আর বের করা সম্ভব হয়নি।
এনসিপির নেতাকর্মীরা জানান, বিক্ষোভ মিছিল নিয়ে লাইব্রেরির মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পুলিশের বাধার কারণে কর্মসূচি পণ্ড হয়ে যায় বলে দাবি করেন তারা।
এনসিপি কুষ্টিয়া জেলার সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে এবং নেতাকর্মীদের অবরুদ্ধ করে রেখেছে। এটি নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।
তবে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ বলছে, বিক্ষোভকারীদের নিরাপত্তাঝুঁকি থাকায় তাদের পাবলিক লাইব্রেরির মাঠের মধ্যেই অবস্থান করে কর্মসূচি পালনের পরামর্শ দেওয়া হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বিক্ষোভকারীদের নিরাপত্তাঝুঁকি রয়েছে। তারা যতক্ষণ ইচ্ছা পাবলিক লাইব্রেরির মাঠের মধ্যে বিক্ষোভ করতে পারেন।
এমএস/